
রুয়েটের জমি রক্ষায় শিক্ষার্থীদের মানববন্ধন
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) জমি রক্ষা, সীমানা সুরক্ষা এবং অবৈধ ও অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ থেকে ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা রুয়েটের মালিকানাধীন জমি রক্ষা ও সীমানা সুরক্ষার পাশাপাশি জমিতে নির্মিত সকল অবৈধ ও অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদের দাবি জানান। বিশেষ করে রুয়েটের মালিকানাধীন জমিতে নির্মিত পাবলিক টয়লেটসহ অন্যান্য স্থাপনা দ্রুত অপসারণের দাবি তোলেন তারা।
এছাড়া রুয়েটের প্রধান ফটক ও সীমানাপ্রাচীরের খুঁটি ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ভ্রাম্যমাণ দোকানসহ বিভিন্ন স্থাপনা অপসারণেরও দাবি জানান শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এসব স্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি ও সীমানা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন রুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মোঃ রিদওয়ান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তুর্জ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ পারভেজ, সৌমিক ও ছাত্রী পরশি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ সানভি এবং আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগের মোঃ রাফিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘রুয়েটের সীমানা মুক্ত করো, মুক্ত করো’ এবং ‘অবৈধ স্থাপনা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগানে তালাইমারী মোড় মুখরিত হয়ে ওঠে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি ও সীমানা সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জমিতে কোনো ধরনের অনুমোদনহীন স্থাপনা বা দখল যেন না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে রুয়েটের সীমানা নির্ধারণ ও সুরক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা তাদের দুই দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে রুয়েটের জমি ও সীমানা রক্ষায় কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচি চলাকালে তালাইমারী মোড় এলাকায় যান চলাচলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।