
মাজার ধ্বংসের চেষ্টা হলে ঘরে বসে থাকবে না মানুষ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
দেবীগঞ্জ, পঞ্চগড় | ২৬ আগস্ট ২০২৬
দেশের বিভিন্ন স্থানে মাজার, পীর-আউলিয়াদের স্মৃতিবিজড়িত স্থাপনা ও ধর্মীয় ঐতিহ্যের ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, কোনো মাজার ধ্বংস বা ধর্মীয় স্থাপনায় হামলার অপচেষ্টা হলে সাধারণ মানুষ আর ঘরে বসে থাকবে না।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় ঐতিহ্য ও মাজারের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে বিভিন্ন সময়ে মাজার ভাঙচুর এবং খাদেমদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি এসব কর্মকাণ্ডের নিন্দা জানান।
তিনি বলেন, পীর-আউলিয়া ও মাজারকে কেন্দ্র করে দেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধ্বংসের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন। কৃষকদের সারসংকটের প্রসঙ্গে তিনি জানান, কৃষকদের ভোগান্তি কমাতে শিগগিরই ডিলার নিয়োগের ব্যবস্থা করা হবে। এতে অতিরিক্ত দামে সার কেনার সমস্যা অনেকটাই দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদান এবং কৃষক কার্ডের সুবিধা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা জানান তিনি।
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, দোয়া ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।