
শাহীন আলম ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের বাখুন্ডা এলাকায় আকিকার অনুষ্ঠানে মিষ্টি খাওয়ার পর অসুস্থ হয়ে আট শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডল হাট এলাকার ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’ থেকে কেনা মিষ্টি খাওয়ার পর কয়েকজন শিশুর বমি ও পেটব্যথা শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাখুন্ডা পূর্বপাড়ার আকরাম খান ও মাসুদের বাড়িতে আকিকার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের জন্য মঙ্গলবার দুপুরে স্থানীয় বাজার থেকে হারুন সরদার মিষ্টি কিনে নিয়ে যান। অনুষ্ঠানে খাবার খাওয়ার পর পরিবারের সদস্য ও আশপাশের কয়েকজন শিশু ওই মিষ্টি খায়। প্রায় দেড় ঘণ্টা পর কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে।
হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে রয়েছে—তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া, সামিয়া, সানভীর, শাহাদ, মাহাদি ও সাইম। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে, মিষ্টি খাওয়ার কারণে শিশুরা অসুস্থ হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টির দোকানের মালিক জিয়ারত মোল্লা। তার দাবি, মিষ্টি ছাড়াও অন্য কোনো কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে।
চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর কারও দায় পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।