
পাঁচবিবিতে সার-বীজ বিতরণে নজরদারি জোরদার, অনিয়ম হলে ব্যবস্থা: ইউএনও
আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি
কৃষকদের কাছে নির্ধারিত দামে সার ও বীজ পৌঁছে দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার বিক্রিতে কৃত্রিম সংকট, অতিরিক্ত দাম আদায় কিংবা কৃষকদের মধ্যে বিভ্রান্তি তৈরির মতো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সম্প্রসারিত মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া নাসরিন।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ও সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষিবিদ মো. জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদি হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জহির রায়হান, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী, বাগজানা ইউপি চেয়ারম্যান ও সার-বীজ ডিলার মো. নাজমুল ইসলামসহ উপজেলার বিএডিসি ও বিসিআইসি অনুমোদিত প্রায় ৩০ জন ডিলার উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও কাশপিয়া নাসরিন বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী নিয়ম মেনে সার বিক্রি করতে হবে। কোনো ডিলার ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করলে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কিংবা কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার ও বীজ পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে প্রশাসন, কৃষি বিভাগ ও ডিলারদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাঁচবিবির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভাটির কার্যক্রম অনুষ্ঠিত হয়।