
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা থানা চত্বরে এক নারীকে কেন্দ্র করে দুই ভাই ও তাদের স্বজনদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানা প্রাঙ্গণেই চরম বিশৃঙ্খলা, টানাটানি ও মারামারিতে তিন নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের এক যুবকের সাথে নিকটবর্তী সোনাখোলা গ্রামের এক নারীর বিয়ে হয়। তবে বিবাহের কিছুদিন পর ওই তরুণীর সাথে তার দেবরের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ওই দেবর ও ভাবি নগদ অর্থ এবং সোনার গহনা নিয়ে আত্মগোপন করেন বলে পরিবারের দাবি।
পরবর্তীতে তরুণীর বাবা ও বড় ভাই সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসেন। এ সময় থানায় উপস্থিত থাকা দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা ওই নারীকে নিজেদের পক্ষে নিতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে থানা চত্বরেই তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রকাশ্যে এমন তুলকালাম কান্ডে এলাকা জুড়ে ব্যাপক কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ সাপেক্ষে ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।