
মো: সুজন আহমেদ (সাভার উপজেলা প্রতিনিধি) :
ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আব্দুর রহমান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশুটির গলায় লাল টেপ প্যাঁচানো এবং মুখের ভেতরে চাল ও পলিথিন ঢোকানো ছিল বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার হারুন মিয়ার তিনতলা ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাগবাড়ি এলাকার শহিদ মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি আশুলিয়ার ওই ভবনের নিচতলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুর রহমান বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা।
এদিকে সন্ধ্যার দিকে ভবনের ছাদে হাঁসকে খাবার দিতে গিয়ে বাড়িওয়ালার স্ত্রী রিনা বেগম একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পান। সন্দেহ হলে তিনি কাছে গিয়ে দেখেন বস্তাটি নেটের নিচে রাখা। পরে লোকজনকে ডাকলে বস্তার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
রিনা বেগম জানান, প্রতিদিনের মতো তিনি ছাদে হাঁসকে খাবার দিতে গিয়েছিলেন। একটি হাঁস ধরতে গিয়ে বস্তাটি দেখতে পান। সন্দেহ হলে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে বস্তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”