
বালিয়াডাঙ্গী সীমান্তে ইয়াবা ও ভারতীয় সিরাপসহ একজন আটক
মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. তৈমুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ২৫টি ইয়াবা, ভারতীয় ‘মনোগোল্ড’ নামের দুই বোতল সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার উজিরমনি চোষপাড়া এলাকায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, আটক তৈমুর রহমানের কাছ থেকে উদ্ধার করা মাদক ও অন্যান্য সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা।
সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত ও আরও জোরদার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।