
পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযানে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়, ১৭ আগস্ট ২০২৬: পঞ্চগড় সদর উপজেলার পশ্চিম মোলানী এলাকায় মাদকবিরোধী অভিযানে মো. মামুন (৩২) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পশ্চিম মোলানী গ্রামের মিজানুর রহমানের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় পঞ্চগড় সদর থানার এসআই (নিরস্ত্র) চন্দন কুমার রায় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় উপস্থিত ছিলেন। এ সময় মামুনকে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে একটি প্লাস্টিকের কৌটায় আনুমানিক ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
পরে পঞ্চগড় সদর থানার এসআই চন্দন কুমার রায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনেন। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগটি পড়ে শোনানো হলে মামুন নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করা হয় এবং দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত আসামির স্বীকারোক্তি, সাক্ষীদের বক্তব্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়।
মামুন অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। কারাদণ্ড কার্যকরের জন্য সাজা পরোয়ানামূলে তাকে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা বলেন, মাদক সেবন ও জনশৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।