
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নামে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক পেজ ‘DC Chuadanga’ হ্যাক বা অননুমোদিতভাবে নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর থেকেই পেজটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে পাঠানো হচ্ছে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের আমন্ত্রণমূলক বার্তা ও লিংক।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক স্ক্রিনশটে দেখা যায়, ‘DC Chuadanga’ নামের ফেসবুক পেজ/মেসেঞ্জার থেকে ব্যক্তিগত ইনবক্সে পাঠানো হয়েছে—‘আমি ইতিমধ্যেই অনেক বড় জয় পেয়েছি, এই প্ল্যাটফর্মে আপনিও একই সুযোগ! এখনই যোগ দিন এবং জিতুন!’—এমন প্রলোভনমূলক বার্তা। সঙ্গে দেওয়া হয়েছে অনলাইন জুয়ার একটি লিংক।
শুধু তাই নয়, পাঠানো বার্তার সঙ্গে বিপুল অর্থ জেতার ও ক্যাশ-ইনের ছবি দেখিয়ে মানুষকে জুয়ার প্ল্যাটফর্মে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিস্ময় ও উদ্বেগ। কারণ, ‘DC Chuadanga’ কোনো ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নয়—এটি জেলা প্রশাসনের নামে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সরকারি যোগাযোগমাধ্যম হিসেবে পরিচিত। জেলা প্রশাসনের বিভিন্ন তথ্য ও জনসেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এমন প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ফেসবুক পেজ হ্যাক হওয়ার অভিযোগ নিয়ে ইতোমধ্যে স্থানীয় পর্যায়েও আলোচনা ও সংবাদ প্রকাশ হয়েছে।
তবে এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে পেজটি হ্যাক হয়েছে বলে জানানে হয়।
তবে এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে জেলা প্রশাসনের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম কীভাবে অননুমোদিত ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায় তা নিয়ে।
জেলা প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনা ও সাইবার নিরাপত্তার দায়িত্ব কার ওপর—এ বিষয়েও এখন স্পষ্ট ব্যাখ্যা দাবি করছেন সচেতন নাগরিকরা।
সরকারি প্রতিষ্ঠানকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখতে যেখানে প্রতিনিয়ত নিরাপত্তা জোরদারের কথা বলা হচ্ছে, সেখানে একটি জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক প্ল্যাটফর্মে যদি হ্যাকাররা প্রবেশ করে জুয়ার বিজ্ঞাপন ও লিংক ছড়িয়ে দিতে সক্ষম হয়, তাহলে বিষয়টি নিছক একটি ফেসবুক পেজ হ্যাকের ঘটনা হিসেবে দেখার সুযোগ আছে কি না—সেটিও ভেবে দেখা প্রয়োজন।