
সরকারি মাতামুহুরী কলেজের ২ একর জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসি ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজের প্রায় ২ একর রেকর্ডভুক্ত জমি দখলের অভিযোগ তুলে তা দ্রুত উদ্ধার করে কলেজের অনুকূলে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে লামা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, সরকারি মাতামুহুরী কলেজের নামে রেকর্ডভুক্ত প্রায় ২ একর জমি দীর্ঘদিন ধরে ব্যক্তি মালিকানার দাবি করে দখলে রাখা হয়েছে। এতে কলেজের সম্প্রসারণ, নতুন একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন সরকারি মাতামুহুরী কলেজের বিএসএস ৩য় বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম। তিনি বলেন, কলেজের জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকার সুযোগ নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে দ্রুত দখলমুক্ত করে কলেজের কাছে জমি বুঝিয়ে দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম। তিনি বলেন, সরকারি মাতামুহুরী কলেজ এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজের রেকর্ডভুক্ত জমি কলেজেরই সম্পদ। শিক্ষা কার্যক্রমের স্বার্থে এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিশ্চিত করতে দখলকৃত জমি দ্রুত উদ্ধার করে কলেজের অনুকূলে ফিরিয়ে দেওয়া জরুরি। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম খাঁ, ইংরেজি বিভাগের প্রভাষক ইয়াসির আরাফাত, বাংলা বিভাগের প্রভাষক আকতার কামাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনজুর-ই-এলাহী এবং দর্শন বিভাগের প্রভাষক সুমাইয়া আক্তার। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসক এবং শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে কলেজের দখলকৃত জমি দ্রুত উদ্ধার, কলেজের অনুকূলে বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়।