
মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী শিশুপুত্র জীবন ইসলাম এবং মোজা মিয়ার ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বরযাত্রীরা কনেকে নিয়ে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা বর-কনেসহ প্রায় ১৪ জন যাত্রী গুরুতর আহত হন।
শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু জীবন ও কলেজছাত্র রিয়াদকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, রাতে ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।