
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে মরিয়ম (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ ২৫ জুন (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহত মরিয়ম উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা দক্ষিণপাড়া গ্রামের রাজু শেখের স্ত্রী এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. ময়েন উদ্দিন শেখের ছোট মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে পারিবারিকভাবেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। নিহত মরিয়মের স্বামী রাজু শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী করেন, আজ সকালে মোবাইলে তার স্বামী রাজুর সাথে ঝগড়া হয় বলে জানা গেছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের (পোস্টমর্টেম) রিপোর্ট এবং পুলিশের প্রাথমিক তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার আসল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।