
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ দুপুরে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় একটি পরিত্যক্ত দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করে। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়, যা স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং এলাকায় ভীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটায়।
ঘটনার পরিপ্রেক্ষিতে ৩ জুন ২০২৬ তারিখে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জয়নাল আবেদীন (৬৪)। তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ১৩ জুন ২০২৬ সন্ধ্যায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।