
নিজস্ব প্রতিবেদকঃ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘাটের ৭ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা বাসে থাকা যাত্রীদের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনার পর আবারও একই ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।