
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
দেশের নিম্নআয়ের পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও বিস্তৃত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একযোগে দেশের ২০টি ইউনিটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের সঙ্গে সঙ্গেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে ১৪ হাজার ৩৭০ জন নারী উপকারভোগীর মোবাইল নম্বরে সরাসরি ভাতার অর্থ পৌঁছে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রাম—বেড়পাড়া, দবিরমোল্লাপাড়া ও দরগাপাড়ার ৬৬৯টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন।
রাজশাহীর বায়া শিশু পরিবার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগী নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ডিজিটাল পদ্ধতিতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও জোরদার হবে।