
রাজশাহী প্রতিনিধি:
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। ৮০ বছর বয়সে বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে রাজশাহীসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন এবং দীর্ঘ সময় মহাকাশ গবেষণায় কাজ করার পর অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ড. রেজাউল হকের বাবা ছিলেন মৃত ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা মৃত আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মৃত্যুকালে ড. রেজাউল হক স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রেই তাঁর দাফন সম্পন্ন হবে। এদিকে শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।