
স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও উপস্থিত নেতৃবৃন্দ শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় নিপুণ রায় চৌধুরীকে সংসদ সদস্য মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি।
৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশারফ হোসেন মোল্লা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।
বিশেষ করে ঢাকা জেলার তৃণমূল রাজনীতিকে শক্তিশালী করা এবং নারীর ক্ষমতায়নে আমার ভূমিকা অগ্রণী থাকবে। উল্লেখ্য, গত ৩ মে শপথ গ্রহণের মাধ্যমে নিপুণ রায় চৌধুরী বিএনপি জোটের ৩৬ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের একজন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।