
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জামায়াতের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। রাত ১২টা ১মিনিটে উপজেলা শাখা জামায়াতের পক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তিনি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা যুবউন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনছুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল।
পরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ ধামইরহাট থানা, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠন, ধামইরহাট পৌরসভা, ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।