
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে উদ্ধারকৃত অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী বমাটি অবশেষে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার সকালে আলিমুজ্জামান ব্রিজের পাশে উদ্ধার হওয়া ওই বোমাটি আজ রোববার সকাল ১০টার দিকে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে নিয়ে গিয়ে ইলেকট্রিক সংযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।
এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বোমাটির বিস্ফোরণ ঘটান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এন্টি টেররিজম ইউনিটের ইন্সপেক্টর শংকর কুমার ঘোষ জানান, বোমাটি ছিল অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী। এটি রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত একটি আইইডি (Improvised Explosive Device), যা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সংরক্ষিত ছিল।
তিনি আরও জানান, বিস্ফোরণের সময় বোমাটি প্রায় ১৫ ফুট ওপরে উঠে যায়। বোমাটি যদি জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরিত হতো, তাহলে জেলার জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা ছিল।
বিস্ফোরণের সময় পুরো এলাকায় শক্ত কম্পনের সৃষ্টি হয়। তবে সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সস্তি লক্ষ্য করা গেছে।