
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলায় প্রশাসনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে দুই উপজেলায় দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। বালিয়াকান্দিতে নেশাগ্রস্ত অবস্থায় আটক এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা, আর কালুখালীতে মাদকসেবী হিসেবে আটক এক যুবককে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘি কমলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আসাদ শেখ (পিতা: আব্দুল লতিফ শেখ) নামে এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দণ্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাছির উদ্দিন নেতৃত্বাধীন একটি টিম।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন,
“মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। প্রশাসনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, কেউ এ অপরাধে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।”
অন্যদিকে, রবিবার (২৬ অক্টোবর) রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর গ্রামে পরিচালিত অভিযানে জীবন শেখ (২৬), পিতা: সোলেমান শেখকে আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন,
“সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসন বদ্ধপরিকর। মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে। তবে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”
অভিযানে সহযোগিতা করে কালুখালী থানা পুলিশ, কিশোর-কিশোরী ক্লাব, এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
প্রশাসন জানিয়েছে, রাজবাড়ী জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। জনসচেতনতা ও প্রশাসনিক পদক্ষেপের ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।