
ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ পরিসরের গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার (৩ মে) সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভালুকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হতেমে খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিয়াস মাহমুদ শুভ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রাফি উল্লাহ চৌধুরী।
কর্মসূচি শেষে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ভালুকা আমাদের সবার। আমরা যদি প্রত্যেকে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হই ও সচেতন ভূমিকা রাখি, তবে অচিরেই এই উপজেলা হয়ে উঠবে একটি পরিচ্ছন্ন ও আদর্শ বাসযোগ্য এলাকা। পরিচ্ছন্নতা শুধু একটি শারীরিক প্রয়াস নয়, এটি একটি মানসিকতা ও চেতনা, যা প্রত্যেকের মধ্যে জাগ্রত করতে হবে।”*
উপজেলার সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, প্রশাসনের সরাসরি অংশগ্রহণে এমন আয়োজন সাধারণ মানুষকে উৎসাহিত করবে এবং এই কার্যক্রম ভালুকাকে পরিচ্ছন্ন ও সচেতন উপজেলায় রূপান্তরে বড় ভূমিকা রাখবে।