
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর স্বর্ণদ্বীপে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত পর্ব। এই আয়োজন সরাসরি পর্যবেক্ষণ করতে দ্বীপটিতে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি। তিন বাহিনীর স্পেশাল ফোর্সকে এক ছাতার নিচে এনে এ ধরনের মহড়া দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে।
মহড়ার পাশাপাশি দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করবেন সরকারপ্রধান। এ সময় প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার কথা রয়েছে তাঁর।
এবারের যৌথ অনুশীলনে অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
দিনব্যাপী সফরের কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
স্বর্ণদ্বীপে এই আয়োজনের মধ্য দিয়ে তিন বাহিনীর সমন্বিত প্রশিক্ষণ, বিশেষায়িত সক্ষমতা এবং দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির অগ্রগতি তুলে ধরা হবে।