
মোঃ জাহিদুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদসংলগ্ন এলাকায় প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কয়েকজন ব্যক্তি জড়ো হন। পরে সেখান থেকে মিছিলটি বড় পোল হয়ে নাপিতের পোলের দিকে অগ্রসর হয়। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
মিছিলটি গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পৌঁছালে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় কার্যালয়ের প্রধান ফটকে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভবনের বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়।
ঘটনার সময় কার্যালয়ের ভেতরে কর্মচারীরা অবস্থান করছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত বাইরে বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলকারীদের হাতে আট দফা দাবিসংবলিত একটি ব্যানারও ছিল। ব্যাংক কার্যালয়ের সামনে কয়েক মিনিট অবস্থানের পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির, যিনি বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মিছিলের স্থানটির পাশেই গ্রামীণ ব্যাংকের কার্যালয় অবস্থিত। মিছিলকারীরা কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন এবং দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।