
সজীব খান, চাঁদপুর:
চাঁদপুর শহরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট বাসা থেকে লুৎফুর নাহার (৬৫) নামে এক বৃদ্ধার হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জোড় পুকুর পাড়স্থ সাবেক লাভলী স্টোরের পেছনে নাজিরা কমপ্লেক্সের ৭ তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত লুৎফুর নাহারের স্বামী মৃত জয়নাল আবেদীন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের ঢালীর ঘাট এলাকায়।
স্বজনদের কাছে জানা যায়, প্রায় ১৮ দিন আগে তিনি নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাট বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন।
নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান জানান, তাঁরা গ্রামের বাড়িতে দূরে থাকেন। তবে মায়ের খোঁজখবর রাখার জন্য সার্বক্ষণিক যোগাযোগ করতেন। তিনি বলেন, আমি সারাক্ষণ আমার মাকে সিসি ক্যামেরার মতো নজরে রাখতাম। আজ সন্ধ্যার পর থেকে মাকে একাধিকবার ফোন দিয়েছি। কিন্তু কোনোভাবেই ফোন রিসিভ করছিলেন না। পরে বাসার দারোয়ানকে ফোন দিয়ে বিষয়টি জানাই এবং মায়ের খোঁজ নিতে বলি।
তিনি আরও জানান, দারোয়ান তাঁকে ফোনে লাইনে রেখেই ফ্ল্যাটের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজার লক ঘুরিয়ে দেখেন, সেটি খোলা রয়েছে। পরে ভেতরে গিয়ে তাঁর মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
এদিকে এমন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার খায়রুল কবির, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদসহ পুলিশের কয়েকজন উপপরিদর্শক (এসআই), নিরস্ত্র উপপরিদর্শক (এনএসআই) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ ধারণা করছেন, ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে ফ্ল্যাট থেকে কোনো মালামাল লুট হয়েছে কি না, সে বিষয়টিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে হত্যাকাণ্ডের পেছনে ডাকাতি, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, এমন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা।