
মোঃ আব্দুল আলীম, বগুড়া সদর:
বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৮ নভেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহরের নামাজের পর বগুড়া শহরের নারুলি ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পদ্মপাড়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
আব্দুল ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুল ওয়াদুদের মৃত্যুতে বিএনপি পরিবার একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী সংগঠককে হারালো। দলের সাংগঠনিক কর্মকাণ্ড এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শোকবার্তায় তিনি বলেন, আব্দুল ওয়াদুদের মৃত্যুতে বিএনপি পরিবার একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও পরীক্ষিত সংগঠককে হারালো। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নেতাকর্মীরা সবসময় মনে রাখবে।