
এস এম দৌলত জেলা প্রতিনিধি বগুড়া:
বগুড়ার সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়া সদর উপজেলার ৩ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি পটাশ সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
কৃষকদের উৎপাদন খরচ কমানো, সরিষার আবাদ বৃদ্ধি এবং তেলজাতীয় ফসলের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ ধরনের কৃষি প্রণোদনা কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করার পাশাপাশি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।