
রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৮ নভেম্বর) রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স শাহ্ পরান ব্রিক্স নামের ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। স্কেভেটর (ভেকু) দিয়ে ভাটার চিমনী ও কিলন সম্পূর্ণ ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নেভানো হয়। এ সময় আনুমানিক তিনটি প্রতিষ্ঠান মিলে প্রায় ৮ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।
এইসময় অভিযানে নেতৃত্ব দেম রামগতির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক।
এ সময় পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারু-অর-রশিদ পাঠান-সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বন বিভাগ ও পল্লী বিদ্যুতের সদস্যরা সার্বিক সহযোগিতা দেন।
কর্তৃপক্ষ জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।