
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মোঃ ফয়সাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দেবিদ্বার, কুমিল্লা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানকালে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই ব্যক্তিকে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের ময়নাল হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪৩)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে, কুমিল্লার চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত শহিদের ছেলে মোঃ হানিফ (২৭)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।