
রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে ধর্মীয় মূল্যবোধের প্রসার, সমাজে ইতিবাচক পরিবর্তন ও দ্বীনি কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে জেলা ওলামা সামিট অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় শহরের সাবেক ওয়েকেয়ার হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত আল-মুঈন ইসলামী একাডেমির হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড. আ. ফ. ম. খালিদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফী এবং বরিশালের চরোমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী মুহাম্মদ জাফর ইমাম।
সামিটে বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধ, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে পারস্পরিক মতপার্থক্য ও বিভেদ ভুলে বৃহত্তর দ্বীনি স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, আলেম-ওলামারা সমাজের মানুষের কাছে নৈতিকতা, মানবিকতা ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে পারেন। তাই নিজেদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সামিটে জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা, মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।