
সরকার শাহাদত হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মো. আব্দুল করিম এমপি। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় গাইবান্ধা জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি এবং গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, সাত দফা দাবিতে আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনটি লংমার্চ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দেশবাসীর কাছে বার্তা পৌঁছেছে যে, ১১ দলীয় ঐক্য, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের পক্ষে কথা বলতে সোচ্চার এবং মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, গণভোটের গণরায় অস্বীকার করার কারণে লংমার্চের কর্মসূচি দেওয়া হয়েছে। গণভোটের রায়ের ভিত্তিতে যারা এমপি ও মন্ত্রী হয়েছেন, তাদের সেই রায়কে সম্মান করতে হবে। গণরায়ের দাবি বাস্তবায়ন না হলে আগামীতে জনগণ রাজপথে নেমে দাবি আদায় করবে।
গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন ও সহিংসতায় তৌফিক নামের এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে হবে। কোনোভাবেই সহিংসতা কাম্য নয়। তৌফিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
দলীয় জনশক্তির উদ্দেশে মাওলানা আবদুল হালিম বলেন, বর্তমানে আলেমসমাজকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন অসৌজন্যমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে নেতা-কর্মীদের ধৈর্য, সংযম ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারও ব্যক্তিগত বক্তব্য বা আচরণের কারণে যেন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এমপি, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা এবং ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভী।
এ সময় বিভিন্ন উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর, সেক্রেটারিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।