
কুমিল্লা লালমাই প্রতিনিধি মনসুর লোকমান রাকিব:
কুমিল্লা জেলার লালমাই উপজেলার ৪ নং ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ৪ নং ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়ির মো: রাছেল (৩৫) এবং একই ইউনিয়নের বদরপুর এলাকার মো: সামু (৪৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাছেল ও সামু দীর্ঘ কয়েক মাস ধরে ওই এলাকায় গোপনে মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালমাই থানার ওসি মিজানুর রহমান তাদের আটক করতে সক্ষম হন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।