
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন খানকা শরীফ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫) এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, এসআরবি-৫ নিয়মিত অভিযানের অংশ হিসেবে অস্ত্র, মাদক, ছিনতাইকারী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২:১৫ ঘটিকায় (০০:১৫ ঘটিকা) গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি, এসআরবি-৫ রাজশাহীর একটি আভিযানিক দল নিশ্চিত হয় যে, শাহমখদুম থানাধীন বাস টার্মিনাল হতে খানকা শরীফগামী পাকা রাস্তা সংলগ্ন জেনেক মোঃ মতিন (৫৫)-এর চা দোকানের ২০০ গজ পূর্ব পাশে একটি নতুন নির্মাণাধীন আবাসিক এলাকায় পিস্তলের গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সেখানে সাদা পলিথিনে মোড়ানো একটি ‘স্টার’ সিগারেট কোম্পানির প্যাকেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০৪ (চার) রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত গুলি আলামত হিসেবে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এসআরবি-৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।