
সাঁথিয়ায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সমাবেশ
পাবনা প্রতিনিধি:আব্দুল্লাহ আল মামুন
পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে এলাকার সুধীজন ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার তদন্ত ওসি আব্দুল লতিফ। এছাড়া সদস্য সচিব ও অধ্যক্ষ মজিবর রহমান, অভিভাবক সদস্য মনোয়ার পারভেজ মানিক, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম টুকু, সহকারী শিক্ষক আবু সাইদ ও টিপু সুলতানসহ বিদ্যালয়ের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।