
সঞ্জু বনিক সৌরভ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া জব্দ করা হয়েছে একটি পালসার মোটরসাইকেল এবং একটি স্মার্ট মোবাইল ফোন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। পরে তল্লাশি চালিয়ে নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোটলা উদ্ধার করা হয়।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।