
মাসুদুল হাসান মাসুদ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক করা হয়েছে। আটক করা ওষুধগুলো বর্তমানে ভূঞাপুর থানায় জব্দ রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাতে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকায় সন্দেহজনক অবস্থায় ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটিতে থাকা বিপুল পরিমাণ ওষুধের বিষয়ে সন্দেহ দেখা দিলে সেগুলো জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটিতে থাকা ওষুধগুলোর মেয়াদ নিয়ে অসঙ্গতি পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে এসব ওষুধ কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানিয়েছে, জব্দ করা ওষুধগুলো যাচাই-বাছাই ও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।