
জেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে যৌতুক নিরোধ আইনের মামলায় রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আরিফ হোসেন তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে মোছা. তানিয়া খাতুনের পারিবারিক সম্মতিতে বিয়ে হয় এবং বিয়ের সময় সাখাওয়াত হোসেনের পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকার ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে যে বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং দাবিকৃত টাকা না দিলে সংসার করবেন না বলে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান, পরবর্তীতে পারিবারিকভাবে ও স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও যৌতুকের টাকা ছাড়া তিনি সংসারে ফিরতে রাজি হননি।
এ ঘটনায় মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন, যা সি.আর. মামলা নং-৪০/২৬ হিসেবে নথিভুক্ত রয়েছে।
মামলার বাদী সাখাওয়াত হোসেন জানান, সুন্দর একটি সংসারের স্বপ্ন দেখলেও বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নানা অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হতে হওয়ায় এবং স্থানীয়ভাবে কোনো সুরাহা না পাওয়ায় বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন এবং আদালতের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, আদালতের তদন্তের পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং পরে আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন, যার পর লিগ্যাল এইডসহ একাধিক মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আসামি বাদীর সঙ্গে সংসার করতে রাজি না হওয়ায় এবং মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।