
খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।
খুলনা জেলা প্রতিনিধি:শাকিল শেখ
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৩৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩ হাজার ৭৭৯ জন ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ৪১ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।
খুলনায় একদিনে ১০৫ জন ভর্তি
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন মোট ১০৫ জন। এর মধ্যে খুলনা জেলায় ৭১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন।
খুলনা জেলায় ভর্তি হওয়া ৭১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৪ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৭ জন, যশোরে ১৯ জন, সাতক্ষীরায় ৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, ঝিনাইদহে ১ জন, মাগুরায় ৪ জন, নড়াইলে ৬ জন এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় এ সময়ে নতুন কোনো রোগী ভর্তি হননি।
আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি খুলনায়
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় ১ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭ জন।
এ ছাড়া বাগেরহাটে ১ হাজার ১ জন, যশোরে ৪২৭ জন, নড়াইলে ১৬৫ জন, মাগুরায় ১০৩ জন, কুষ্টিয়ায় ৯৪ জন, মেহেরপুরে ৭৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন, ঝিনাইদহে ৫৯ জন, সাতক্ষীরায় ২৬ জন এবং চুয়াডাঙ্গায় ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ৫৫৩
বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ২২৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪২ জন রয়েছেন।
এ ছাড়া বাগেরহাটে ৯৪ জন, যশোরে ৪৩ জন, সাতক্ষীরায় ৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, ঝিনাইদহে ৬ জন, মাগুরায় ৪ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুরে ৬ জন রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু এবং ৪১ জন রেফার্ড হওয়ার তথ্য দিয়েছে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর।