
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় সুজন ওরফে সুজাত নামে আরও এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে একটি দল ওই এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সূত্রে খবর আসে, সুজন ওরফে সুজাতের বাড়িতে দেশীয় মদ বিক্রি ও সেবন করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক সুজাত দ্রুত সরে পড়লেও ঘটনাস্থলে মদ সেবনরত অবস্থায় আবুল শেখকে আটক করা হয়।
অভিযানকালে বিভিন্ন বোতল ও কন্টেইনারে রাখা আনুমানিক ১৯ থেকে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে ৭৫০ মিলিলিটারের ১০টি বোতল, প্রায় ৭ লিটার মদভর্তি ৮ লিটারের একটি কন্টেইনার এবং প্রায় সাড়ে ৪ লিটার মদ থাকা ৫ লিটারের একটি কন্টেইনার ছিল।
পরে উদ্ধার করা মদ জব্দ করে আবুল শেখকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় মদসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে। পলাতক সুজন ওরফে সুজাতকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।