
ফরিদপুরের মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সেরা চাষিদের সম্মাননা।
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় মধুখালী উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সড়ক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, মধুখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুমন।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষিদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সেরা মৎস্যচাষি হিসেবে মেহেদী হাসান মুন্নু, রবিউল মল্লিক ও কামরুলকে ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হবে। এ সময়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।