
তারেক রহমানের পক্ষে লামায় ১ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলা ও পৌরসভা এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) লামা উপজেলা ও পৌরসভা বিএনপির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা। এসময় লামা উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় লামার বন্যাদুর্গত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় লামার অনেক পরিবার ঘরবাড়ি, ফসল ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই বিএনপির পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।