
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান রাসিক প্রশাসকের
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, যুবসমাজ ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নগরীর হোটেল এক্স-এর সম্মেলন কক্ষে দ্য আর্থ সোসাইটির উদ্যোগে ‘গ্রিন ভয়েজ’ প্রকল্পের আওতায় আয়োজিত হাই-লেভেল ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাসিক প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয় বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও সবার সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
তিনি জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এক বছরে আড়াই লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। ইতোমধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বনায়ন ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটন ও কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোঃ মাহফুজুর রহমান রিটন আরও বলেন, রাজশাহীকে শুধু ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ নয়, বাস্তব অর্থেই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন এবং স্ট্রিট লাইট উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে এসব উদ্যোগ সফল করতে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে রাজশাহী আরও পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।
তিনি ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘জলবায়ু নীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ’ শীর্ষক বিভাগীয় সংলাপে নীতিনির্ধারক ও যুব নেতারা অংশ নেন। সংলাপে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ‘গ্রিন ভয়েজ’ প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা ও নীতিগত সুপারিশ উপস্থাপন করা হয়। পাশাপাশি জলবায়ু নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংলাপে দ্য আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।