
ফরিদপুরে রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা, শান্তিপূর্ণ উৎসব উদযাপনে নানা প্রস্তুতি।
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে আগামী ১৬ জুলাই রথযাত্রা ও ২৪ জুলাই উল্টো রথযাত্রা উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় জেলার বিভিন্ন সনাতন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রথযাত্রা উদযাপন কমিটির প্রতিনিধি, মন্দির কমিটির সদস্য এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, রাম দত্ত, নিতাই রায়, অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন, টুটুল কুমার কুণ্ডু, রণদা প্রসাদ দাস, অসিত কুমার নাগ, সঞ্জয় সাহা, বিকাশ মজুমদার, ত্রিনাথ পাল ও নিলয় রঞ্জন সরকার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসব সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের কার্যকর ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সভায় শোভাযাত্রার নিরাপত্তা ব্যবস্থা, যানজট ও ট্রাফিক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সাথে উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্ধারিত রুট মেনে শোভাযাত্রা পরিচালনা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। রথযাত্রা উদযাপন কমিটি ও বিভিন্ন মন্দির কমিটিকে প্রশাসনের সাথে সমন্বয় রেখে উৎসব সফল করার আহ্বান জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজমের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।