
স্টাফ রিপোর্ট :মিজানুর রহমানঃ
রাজবাড়ীর পাংশা পৌর এলাকার ঢেঁকিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (১৩ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে মো. আমিরুল ইসলামের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক হামলা চালায়। তারা বাড়িতে ঢুকে গালিগালাজের একপর্যায়ে বসতঘর, রান্নাঘর ও টয়লেট ভাঙচুর করে। একই সঙ্গে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে ঢেঁকিপাড়া গ্রামের মৃত নিমাই শেখের ছেলে মো. মাজেদ শেখ (৬০), তার ছেলে মো. নজু শেখ (৪০), মো. সাইদ শেখ, মো. মিলন শেখ (২৭), মৃত জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (৩৫), মো. গনি মোল্লার ছেলে মো. গরো মোল্লা (২৮) এবং মো. আব্দুল মাজেদ শেখের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।