
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ মোঃ আল-আমিন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রবিবার (৫ জুলাই ২০২৬) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, গোদাগাড়ী থানাধীন লালবাগ হেলিপ্যাড এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় লালবাগ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় মাদক কারবারি আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আল-আমিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাম নগর হেলিপ্যাড এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ও সানোয়ারা বেগম দম্পতির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আল-আমিন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যেই সে নিজের হেফাজতে রেখেছিল।
র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।