
প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত,
মোঃ আজমল হোসেন রাজবাড়ী বালিয়াকান্দি প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে একটি কীটনাশকের দোকান। সাধারণ একটি ব্যবসা প্রতিষ্ঠান হলেও সেখানে গেলে ভেসে আসে সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের ধ্বনি।
দোকানের মালিক মো. সাইফুল ইসলাম (৩৪) ব্যবসার ফাঁকে ফাঁকে নিয়মিত কুরআন তেলাওয়াত করে স্থানীয়দের কাছে একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন।
সাইফুল ইসলামের বাড়ি উপজেলার নবাবপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া পদমদী গ্রামে। তিনি আব্দুল কাদের শেখের ছেলে। প্রায় ১২ বছর ধরে বহরপুর বাজারে কীটনাশকের ব্যবসা করে আসছেন।
জানা যায়, ২০২১ সালে তিনি বহরপুর বাজার জামে মসজিদে হাফেজ ক্বারী মাহফুজুর রহমানের কাছে পবিত্র কুরআন শিক্ষা গ্রহণ করেন। মাত্র চার মাসের মধ্যেই তিনি কুরআন পড়া শিখে নেন। এরপর থেকেই প্রতিদিন সুযোগ পেলেই নিজের দোকানে বসে কুরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে তোলেন, যা আজও অব্যাহত রয়েছে।
সাইফুল ইসলাম জানান, তিনি অন্তত ২৪ বার পবিত্র কুরআন খতম দিয়েছেন। এরপর কতবার খতম করেছেন, তার সঠিক হিসাব আর রাখেননি। তিনি বিশ্বাস করেন, নিয়মিত কুরআন তেলাওয়াত মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয় এবং দুনিয়া ও আখিরাত—উভয় জীবনের জন্য কল্যাণ বয়ে আনে।
তিনি বলেন, “ব্যবসা যেমন প্রয়োজন, তেমনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরআনের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও জরুরি। তাই সময় পেলেই আমি কুরআন তেলাওয়াত করি।
গত ২৫ জুন (বৃহস্পতিবার) বহরপুর বাজারে গিয়ে দেখা যায়, দোকানে বসেই সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করছেন সাইফুল ইসলাম। তার তেলাওয়াত শুনতে অনেক পথচারী ও ক্রেতা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। অনেকেই জানান, তার কণ্ঠের তেলাওয়াত মনকে প্রশান্ত করে এবং বাজারের ব্যস্ত পরিবেশেও এক ভিন্ন আবহ সৃষ্টি করে।
স্থানীয়দের ভাষ্য, বর্তমান সময়ে যখন অধিকাংশ মানুষ দুনিয়াবি ব্যস্ততায় নিমগ্ন, তখন সাইফুল ইসলামের মতো একজন ব্যবসায়ীর নিয়মিত কুরআন তেলাওয়াত নিঃসন্দেহে অনুকরণীয়। তার বিনয়ী আচরণ, ধর্মীয় অনুশীলন ও সুন্দর ব্যবহার তাকে বাজারের মানুষের কাছে একজন প্রিয় ও সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছে।
স্থানীয়দের আশা, সাইফুল ইসলামের এই সুন্দর উদ্যোগ সমাজের অন্যদেরও কুরআনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে অনুপ্রাণিত করবে।