
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চলমান মাদকবিরোধী অভিযানে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মতিহার থানা, চন্দ্রিমা থানা এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মতিহার থানার চর সাতবাড়ীয়া এলাকার বাসিন্দা মো. ইদুল (২২), চন্দ্রিমা থানার আসাম কলোনী (বৌবাজার) এলাকার মো. রাসেল (২৬) এবং বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে মতিহার থানার তালাইমারী এলাকায় বসবাসরত মো. ইমাম হোসেন (৩৩)।
পুলিশ জানায়, গত ১২ জুন গভীর রাতে চর সাতবাড়ীয়া এলাকা থেকে ইদুলকে এবং একই রাতে আসাম কলোনী এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। এছাড়া ১৩ জুন রাতে তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে মোট ২৫ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃত ইমাম হোসেনের বিরুদ্ধে মতিহার থানায় পূর্ব থেকে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।