
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ মে) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চেম্বারের নেতারা।
সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন ও যানজট নিরসনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ নগরীর উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে রাসিকের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমের প্রশংসা করেন তারা।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে আরও সুন্দর, সবুজ, আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুর রহমান (শান্তন), সহ-সভাপতি আলহাজ জিয়াউদ্দিন আহমেদসহ চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ। এছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমও উপস্থিত ছিলেন।