টিসিবির কার্ড জব্দের দায়ে রাসিক প্যানেল মেয়র নিযাম আটক ।
_________রাজশাহী ব্যুরো
ভোটারের টিসিবি কার্ড জব্দ করে পছন্দের প্রার্থীর জন্য ভোট নেওয়ার চেষ্টা অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্যানেল মেয়র-১ নিযাম উল আজিম। তিনি মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
শনিবার (৬ জানুয়ারি) মধ্য রাতে নগরীর সাগরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে যৌথবাহিনী। বর্তমানে তিনি র্যাবের হেফাজতে রয়েছেন। যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
রাসিক প্যানেল মেয়র নিযামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার (কাঁচি) পক্ষে কাজ করছিলেন। এনিয়ে নির্বাচনের সপ্তাহ খানেক আগে নগরীর একটি রেস্তোরায় রাজশাহী সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে একটি গোপন বৈঠকও করেছিলেন।
জানতে চাইলে র্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যম কর্মীদের জানান, রাজশাহীর ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আজিমের ব্যাপারে অভিযোগ আসে- তিনি পছন্দের প্রার্থীর জন্য ভোট নিতে ভোটারদের টিসিবি কার্ড জব্দ করে রেখেছেন। তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে টিসিবি কার্ড বাতিল করা হবে বলে সংশ্লিষ্টদের হুমকি দিয়েছেন। এ ব্যাপারে শনিবার তাকে সতর্ক করা হয়। কিন্তু তিনি টিসিবি কার্ড ফেরত দেননি। তাই রাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনী তার বাসায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়। তিনি র্যাবের হেফাজতেই আছেন।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানাও রাসিক প্যানেল মেয়রকে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনিও গণমাধ্যম কর্মীদের জানান, শনিবার দিনগত রাত ১২টা থেকে যৌথবাহিনীর এই বিশেষ অভিযান শুরু হয়। পরে রাত ৩টার দিকে অভিযান শেষ হয়। অভিযান শেষের দিকে কাউন্সিলর নিযামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে র্যাব হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM