পাপলু মিয়া, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে প্রায় ২৬৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন দুটি সড়ক উন্নয়ন প্রকল্প ঘিরে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ক্রমেই বাড়ছে। কোথাও সড়কে বড় বড় গর্ত ও কাদাজল, কোথাও সড়কের ওপরই রাখা নির্মাণসামগ্রী ও মিক্সার মেশিন, আবার কোথাও সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তাবেষ্টনীর ঘাটতি দেখা গেছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, চালক ও যাত্রীরা।
সরেজমিন ও সংযুক্ত ছবিতে দেখা যায়, একটি স্থানে সড়কের একপাশে খোলা জায়গায় পাথর-বালু ও সিমেন্টের বস্তার স্তূপ রেখে কংক্রিট মিক্সার মেশিনের মাধ্যমে ঢালাইয়ের কাজ চলছে, যার পাশ দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন। আরেকটি স্থানে সড়ক লাগোয়া এলাকায় গভীরভাবে মাটি খুঁড়ে কাদা ও জলাবদ্ধতা তৈরি করা হয়েছে, যেখানে চারপাশে কোনো দৃশ্যমান নিরাপত্তাবেষ্টনী নেই এবং পাশে পড়ে আছে নির্মাণসামগ্রী ও খুঁটি।
প্রকল্প সূত্রে জানা যায়, ছাতক থেকে গোলচত্বর পর্যন্ত তিন কিলোমিটার চার লেন সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা—অর্থাৎ প্রতি কিলোমিটারে ব্যয় ৩৩ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকারও বেশি। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এমএম বিল্ডার্স’ কাজটি বাস্তবায়ন করছে। ছাতকবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কের কাজ চললেও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে।
অভিযোগ রয়েছে, পৌর এলাকার ব্যস্ততম সড়কে কাজ চললেও পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড ও রাতের নিরাপত্তাবাতির ব্যবস্থা নেই। নির্মাণসামগ্রী ও ভারী যানবাহন অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে, শ্রমিকদের নিরাপত্তায় ঘাটতি রয়েছে এবং সিসি ঢালাইয়ের পর বেরিয়ে থাকা রড পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সড়কে তৈরি করা গর্ত দীর্ঘদিন ভরাট না করায় যানবাহন চলাচলে বিপত্তি ঘটছে। দূর থেকে গর্ত সহজে চোখে না পড়ায় সেটি এড়াতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই গর্তে পড়ে সম্প্রতি জাতীয় দৈনিক মানবকণ্ঠের ছাতক উপজেলা প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। গর্তের কারণে রাস্তার এক পাশ দিয়ে দুই দিকের যানবাহন প্রতিযোগিতামূলকভাবে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।
অন্যদিকে গোলচত্বর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণে ব্যয় হচ্ছে ১৬৪ কোটি টাকা, যেখানে প্রতি কিলোমিটারে বরাদ্দ প্রায় ১৬ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওটিবিএল’।
এই সড়কের ঝাওয়া এলাকাসহ বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে প্রায়ই যানজট হচ্ছে। কয়েক দিন আগে সেখানে শাফি নামের এক দুবাই প্রবাসী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পাশাপাশি সড়কের পাশে মাটি ভরাটের জন্য তিন-চার ফুট গভীর খনন করা হলেও পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তাবেষ্টনী না থাকায় বড় দুর্ঘটনার শঙ্কা করছেন চালকরা। রাস্তার দুই পাশে মাটি ও নির্মাণসামগ্রী অরক্ষিতভাবে ফেলে রাখা এবং ধুলাবালি নিরসনে নিয়মিত পানি না ছিটানোয় রাতে কুয়াশা ও ধুলায় বিপজ্জনক স্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন বাস, ট্রাক, সিএনজি চালক ও যাত্রীরা।
একই প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জ থেকে তেতইখালী নদী পর্যন্ত সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের কাজ নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়কের অর্ধেক অংশে বালু-পাথর রেখে ঢালাইয়ের কাজ করায় রাস্তা সরু হয়ে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া কাদামাটির ওপর ভিত্তি ঢালাই, নির্ধারিত মাপ না মানা এবং বৈদ্যুতিক খুঁটি রেখেই কাজ চালানোর অভিযোগ রয়েছে, যা ড্রেনের স্থায়িত্ব ও পানি নিষ্কাশনব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
সচেতন মহলের মতে, নির্মাণকাজ চলাকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কারিগরি নির্দেশনা অনুযায়ী সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড, রাতের সতর্কতাবাতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা ঠিকাদারের দায়িত্ব, এবং তা নিয়মিত তদারকি করা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। দ্রুত দৃশ্যমান নিরাপত্তা ও তদারকি জোরদার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে এমএম বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার রাহাত আহমদ সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, পরামর্শ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং শিগগিরই গর্ত ভরাটের ব্যবস্থা করা হবে।
ওটিবিএলের প্রজেক্ট ম্যানেজার সজল আহমদ জানান, ওয়ার্কঅর্ডার পেতে দেরি হয়েছে, দুদিন আগে পাওয়ায় সেই অনুযায়ী রোডসাইনসহ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ড্রেনের ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটিও সরানো হবে।
ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাদাৎ হোসেন বলেন, গর্তগুলো শিগগিরই ভরাট করা হবে। বড় এলাকা হওয়ায় একপাশে কাজ করলে অন্যপাশে যেতে দেরি হয়। সতর্কতামূলক সাইনবোর্ড ব্যবহারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে বলা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM