মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগরীর সরকারি ও প্রাতিষ্ঠানিক ভবনে সোলার প্যানেল স্থাপন, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং ব্যক্তিপর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সময়ে বিদ্যুতের চাহিদা পূরণ এবং প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরবিদ্যুৎ একটি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা। এ ব্যবস্থার যথাযথ সম্প্রসারণ করা গেলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
রাসিক প্রশাসক আরও বলেন, শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নয়, ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে হবে। নগরবাসীকে সোলার সিস্টেম স্থাপনের সুবিধা, সম্ভাবনা ও ব্যবহারিক দিক সম্পর্কে সচেতন করতে হবে। এ বিষয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রাজশাহী মহানগরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণ করা সম্ভব।
সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী ও মোঃ ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, সহকারী প্রকৌশলী সফিকুল হাসান ও সহকারী প্রকৌশলী জেসমিন সুলতানা সভায় অংশ নেন।
সভায় রাজশাহী মহানগরীর বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সম্ভাবনা এবং এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM